আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর
আফগানিস্তান ও পাকিস্তান গতকাল রোববার গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী আফগানিস্তান পাকিস্তানের সড়ক ব্যবহার করে ট্রাকে ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনতে পারবে। তা ছাড়া পাকিস্তান ভূ-বেষ্টিত আফগানিস্তানকে তার বন্দর ব্যবহার করে অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য চালাতে দেবে।বিবিসির সংবাদদাতারা জানান, এই চুক্তি প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও কমিয়ে আনবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের দক্ষিণ এশিয়া সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেন, এ দেশ দুটিকে আরও কাছাকাছি নিয়ে আসা দরকার। তিনি আরও বলেন, ওয়াশিংটন চায় ইসলামি জঙ্গিদের দমনে পাকিস্তান আরও উদ্যোগী হবে।ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন। আফগানিস্তানের অর্থমন্ত্রী ওমর জাখিলওয়াল চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, এটি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক যে দ্রুত উন্নত হচ্ছে তার একটি সংকেত এবং এটি অন্য প্রতিবেশী দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপনও করবে।