আফগানিস্তান ত্যাগ না করার আভাস যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ত্যাগ না করার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়ে দেশটিকে ন্যাটো জোটের বাইরে বড় মিত্র বলে ঘোষণা করেছেন। এতে ধারণা করা হচ্ছে, সহসা আফগানদের ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তাঁদের নেই। আজ রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।সফরকালে হিলারি আফগান নাগরিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্ত বার্তা পৌঁছে দিয়ে বলেন, দেশটিকে ন্যাটো জোটের বাইরের একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে মনে করেন তাঁরা। ওয়াশিংটনের এ পদক্ষেপকে পূর্ব ঘোষণা অনুযায়ী যুদ্ধ শেষ হলেও আফগানিস্তান ত্যাগ না করার বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল রোববার অনুষ্ঠেয় দাতা সম্মেলনের প্রাক্কালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাত্ করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সে দেশ সফর করছেন। টোকিওর দাতা সম্মেলনে আফগানিস্তানের উন্নয়নের জন্য অর্থ সহায়তা চাওয়া হবে।তবে আফগানিস্তানের জন্য কী পরিমাণ সাহায্য চাওয়া হবে বা কী পরিমাণ সহায়তা পাওয়া যাবে, তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের জন্য দাতা দেশগুলোর কাছ থেকে বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া যেতে পারে। তবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য বছরে ৬০০ কোটি ডলারের সহায়তা প্রয়োজন।