আফগানিস্তান থেকে আজ পাকিস্তান যাচ্ছেন হিলারি
আফগানিস্তান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার পাকিস্তান যাচ্ছেন। পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে। এর আগে গতকাল বুধবার এক ঝটিকা সফরে হিলারি ক্লিনটন আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ শীর্ষ নেতাদের সঙ্গে শান্তি আলোচনা এবং আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।এদিকে মার্কিন গণমাধ্যম হিলারির পাকিস্তান সফরকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে পাকিস্তানের অবস্থান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে হিলারি দেশটি সফর করছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে সাক্ষাত্ করবেন বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হিলারি নিজ উদ্যোগেই এ সফর করছেন।হিলারি এ সফরে দেশ দুটির মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক আলোচিত হবে বলে আশা করা হচ্ছে।