আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার শুরু জুলাইয়ে
আফগানিস্তান থেকে চলতি বছরের জুলাইয়ে ফরাসি সেনা প্রত্যাহার শুরু হবে। আর তা শেষ হবে এ বছরের শেষ নাগাদ। গতকাল শনিবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ এ ঘোষণা দেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।গতকাল আফগানিস্তানে এক আত্মঘাতী হামলায় ফ্রান্সের চারজন সেনাসদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই ফ্রান্সের প্রেসিডেন্টের কাছ থেকে এ ঘোষণা এল। প্রেসিডেন্ট ওলাঁদ এক বার্তায় বলেছেন, নিহত সেনাসদস্যদের জাতীয় সম্মাননা দেওয়া হবে।চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানে আরেক আত্মঘাতী হামলায় চারজন ফরাসি সেনাসদস্য নিহত হন। ওই ঘটনার পর তত্কালীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ২০১৩ সালের শেষ নাগাদ সে দেশ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব ফরাসি সেনা প্রত্যাহারের ঘোষণা দেন নতুন প্রেসিডেন্ট ওলাঁদ।আফগানিস্তান থেকে ফরাসি সেনা প্রত্যাহার করা হলেও ন্যাটো বাহিনী সেখানে আরও দুই বছর অবস্থান করবে।বর্তমানে আফগানিস্তানে প্রায় এক লাখ ৩০ হাজারের মতো বিদেশি সেনা অবস্থান করছেন। এর মধ্যে তিন হাজার ৩০০ জন ফরাসি সেনা। ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ৮৭ জন ফরাসি সেনাসদস্য নিহত হয়েছেন।