আফগানিস্তান নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র
আফগানিস্তান নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র। থমসন-রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক আন্তর্জাতিক জরিপের ফলাফলে আজ বুধবার এ তথ্য উঠে এসেছে।জরিপের ফলাফলে বলা হয়েছে, উচ্চমাত্রার সহিংসতা, দুর্বল স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য আফগানিস্তানকে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করেছে।বিশ্বব্যাপী নারীদের সামাজিক উদ্যোগকে সহায়তা প্রদানকারী বেসরকারি আন্তর্জাতিক সংস্থা উইমেন চেঞ্জ মেকারের প্রধান অ্যানতোনিলা নোটারি এ প্রসঙ্গে বলেছেন, চলমান সংঘাত, ন্যাটোর বিমান হামলা ও সাংস্কৃতিক চর্চা আফগানিস্তানকে নারীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত করেছে।থমসন-রয়টার্স ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী, নারীদের জন্য বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক রাষ্ট্র কঙ্গো। ব্যাপকভিত্তিক ধর্ষণ দেশটিকে নারীদের জন্য বিপজ্জনক করে তুলেছে বলে জরিপে বলা হয়েছে।এ ছাড়া জরিপ অনুযায়ী, নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রের তালিকায় পাকিস্তান তৃতীয়, ভারত চতুর্থ ও সোমালিয়া পঞ্চম স্থানে রয়েছে।জরিপে পাঁচটি দেশের ২১৩ জন জেন্ডার বিশেষজ্ঞকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। নারীদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি ঝুঁকির ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যগত হুমকি, যৌন সহিংসতা, অযৌন সহিংসতা, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়, সম্পদে প্রবেশাধিকারে বাধা ও পাচার।