আফগানিস্তানকে আরও সহায়তার আহ্বান মেরকেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক অবস্থান থেকে সরে এসে আফগানিস্তানে আরও প্রশাসনিক সহায়তা দিতে এবং দেশ গঠনে সহায়তা করতে আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মানির বনে অনুষ্ঠিত আফগানিস্তান-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে জার্মানির চ্যান্সেলর মেরকেল এ কথা বলেন। এ বিষয়ে বন সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বের ৮৫টি দেশ এবং ১৫টি আন্তর্জাতিক সংগঠনের অধিকাংশ সদস্যও তার সঙ্গে সহমত প্রকাশ করেছে।২০০১ সালের পর আবার ১০ বছর পর ২০১১ সালে অনুষ্ঠিত জার্মানির সাবেক রাজধানী বন শহরের এই এক দিনের সম্মেলনকে ঘিরে জার্মান বনেদি সাপ্তাহিক ‘স্পিগেল’ লিখেছে, ১০ বছর আগে তালেবান সরকারের পতন হলেও আফগানিস্তানে অবস্থিত ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনীর দুই হাজার ৭৩৪ জন সেনা নিহত হয়েছেন; আর নানা কাজে ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার। অথচ আফগানিস্তানজুড়ে বিরাজ করছে যুদ্ধ আর সংঘাতময় অবস্থা, তাই আফগানিস্তানকে নিয়ে যুদ্ধ-রাজনীতির বাইরে বিকল্প ভাবনার কথা বলেছেন বিশ্ব নেতারা। এ ছাড়া সহসাই আফগানিস্তান ছেড়ে ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনী সরে এলে দেশটির ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা।জার্মানির আরেকটি দৈনিক পত্রিকা ‘টায’ বলছে, বিশ্ব নেতারা অনেক ভালো ভালো কথা এবং আশ্বাস সত্ত্বেও তাতে কতটুকু আন্তরিকতা আছে তা নিয়ে সংশয় রয়েছে, তবে আফগানিস্তানের আসল সমাধান নিহিত আছে সেখানকার জনগণ এবং তালেবানদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততার মধ্য দিয়ে।ফ্রাঙ্কফুর্ট রুন্ডসাউ পত্রিকা লিখেছে, আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো জোটের সেনাদের নিজ নিজ দেশের জনগণ ফেরত আনবার দাবি জানাচ্ছে। কারণ, বিগত ১০ বছরে আফগানিস্তানে রাজনীতি এবং দেশটির পুনর্গঠন কোনোটিই হয়নি, সে ক্ষেত্রে ভাবতে হবে, ভবিষ্যতে আফগানিস্তানে বিশ্ব সম্প্রদায়ের রাজনীতি কেমন হবে।