আফগানিস্তানকে সমীহ করছেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ভারত। তবে শক্তির বিচারে দুর্বল দলেও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, কোনো রকম ছাড় দিয়ে খেলা হবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি।অন্য দলগুলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেললেও সময়ের অভাবে কোনো ম্যাচে অংশ নেওয়ার সুযোগ হয়নি ভারতের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি নিয়েই আবারও শিরোপা লড়াইয়ে নামতে যাচ্ছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি। আফগানিস্তানকে প্রথম ম্যাচে পাওয়ায় এই দলটির সঙ্গে ধোনিরা প্রস্তুতি ম্যাচ সেরে নেবেন বলে মন্তব্য করছেন অনেকেই। তবে প্রতিপক্ষের প্রতি সমীহ প্রদর্শন করে সেন্ট লুসিয়ায় ভারতীয় অধিনায়ক বলছেন, ‘আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটিকে আমি মোটেও প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছি না। প্রতিপক্ষ যে দলই হোক, আমাদের জিততে হবে। আফগানিস্তান দল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। এক হিসেবে এটি ভালোই হয়েছে, তাদের নিয়ে আমাদের সবাইকে ভাবতে হচ্ছে। বিশ্বের সেরা দলের বিপক্ষে আমাদের যে রকম প্রস্তুতি থাকার কথা, আফগানদের বিপক্ষে আমাদের একই রকম প্রস্তুতি থাকবে।’কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে ধোনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছি। মাঠে নামলে আমাদেরকে সেরা খেলাটাই খেলে যেতে হবে।’ আঘাতের কারণে বীরেন্দ্র শেবাগকে ছাড়াই খেলতে হবে ভারতকে। বেশ কয়েকজন ক্রিকেটারের ভালো প্রস্তুতি নেই। ভালো ফর্মে নেই ‘বিস্ফোরক’ ব্যাটসম্যান যুবরাজ সিং। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে এসব নিয়ে চিন্তার কিছু নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ধোনি। শেবাগ প্রসঙ্গে ধোনি বলছেন, ‘আঘাত ক্রিকেটেরই একটা অংশ। আমরা অবশ্যই তার জায়গায় মাঠে যোগ্য কাউকে পাঠাব।’ যুবরাজের প্রতি আস্থা আছে উল্লেখ করে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যুবরাজ এমন একজন ব্যাটসম্যান যে বিশ্বের যেকোনো স্টেডিয়ামে যেকোনো সময় জ্বলে উঠতে পারে।’