গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ দুর্বল হলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে তাই জয়ের বিকল্প ছিল না তাদের। তবে সুপার এইটের টিকিট নিশ্চিত করতে কোনো সমস্যাই হয়নি গ্রায়েম স্মিথের দলের। গতকাল ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে প্রোটিয়াসরা। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা এই দিন নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলের হয়ে ক্যালিস ৩৪, স্মিথ ২৭, ডুমিনি ২৫ ও মরকেল ২৩ রান করেন। জবাবে চার ওভার বাকি থাকতেই মাত্র ৮০ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। মরকেল চারটি, ল্যাঙ্গেভেল্ট তিনটি ও স্টেইন দুটি উইকেট লাভ করেন।গতকালের ম্যাচে হারের পরও ভাগ্য ভালোই বলতে হবে আফগানিস্তানের! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, অন্তত বড় একটা লজ্জার হাত থেকে বেঁচে গেছে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত সর্বনিম্ন রানের লজ্জা কেনিয়ার। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৬৭ রান তুলতে পেরেছিল কেনিয়া। চলতি বিশ্বকাপে অল্পের জন্য এ রান অতিক্রম করতে পারলেও ৬৮ রানে অলআউট হওয়ার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের লজ্জা আয়াল্যান্ডের। তবে গতকালের ম্যাচে আয়ারল্যান্ড বা কেনিয়ার রেকর্ড ভাঙার একেবারে কাছাকাছি চলে গিয়েছিল আফগানিস্তান। আশরাফ ও হামিদের কল্যাণে শেষ পর্যন্ত লজ্জা পেতে হয়নি। না হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ডটা আফগানিস্তানের গলার কাঁটা হয়ে থাকত।আফগানিস্তানের ইনিংসটা দেখা যাক। ইনিংসের তৃতীয় বলেই নূর আলী স্টেইনের শিকার। ১৪ রানে ছয় উইকেট! ৩২ রানে আট উইকেট। প্রথম সাত ব্যাটসম্যানের সংগ্রহটা এমন—০, ২, ২, ১, ৩, ৪, ০! তার পরও আফগানিস্তানের ইনিংস যে ৮০ পর্যন্ত গড়িয়েছে, তা অবাক করারই বলতে হবে। মরকেল, স্টেইন ও লেঙ্গেভেল্টের কাছে যখন দলের শীর্ষ ব্যাটসম্যানরা একের পর এক মাথানত করে মাঠের বাইরে, তখন প্রতিরোধ আশরাফ (২৩) ও হামিদ হাসানের (২২)। প্রতিরোধ এজন্য বলতে হচ্ছে যে, তাঁদের কারণেই আফগানিস্তানকে সর্বনিম্ন রানের লজ্জা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা।