আফগানিস্তানে অপহৃত পাঁচ বাংলাদেশি মুক্ত
আফগানিস্তানে অপহৃত পাঁচ বাংলাদেশিকে প্রায় আট মাস পর আজ মঙ্গলবার সকালে মুক্তি দিয়েছে আফগান অস্ত্রধারীরা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।গত বছরের ১৭ ডিসেম্বর রাতে অস্ত্রধারী একদল আফগান দুষ্কৃতকারী মাজার-ই-শরিফে অবস্থিত দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সামহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা করে। এ সময় তারা জিম্মি করে আরও সাতজনকে। তাঁদের মধ্যে দুজনকে অপহরণের দুই দিন পর মুক্তি দেওয়া হয়।পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মূলত মাজার-ই-শরিফের বয়োজ্যেষ্ঠদের সহায়তায় আলাপ-আলোচনার মাধ্যমে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাঁচ বাংলাদেশি এই মুহূর্তে সামহোয়ান করপোরেশনের হেফাজতে রয়েছেন। তাঁদের সবাই সুস্থ আছেন। আগামী সাত-আট দিনের মধ্যে তাঁদের দেশে আনা যাবে বলে আশা করছি।’মুক্তিপণের বিনিময়ে বাংলাদেশিদের মুক্ত করা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার জানামতে কোনো মুক্তিপণের বিনিময়ে তাঁদের উদ্ধার করা হয়নি।’মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন টাঙ্গাইলের কালিহাতীর আমিনুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এক্স ০২৭২৯৬৬) ও শফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এক্স ০২৬০৩৮৬), রাজশাহীর চারঘাটের মাহাতাব আলী (পাসপোর্ট নম্বর: ডব্লিউ ০৩৬২০৫১), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিন (পাসপোর্ট নম্বর: এক্স ০৩৩৩০৪৮), টাঙ্গাইলের চৌধুরী মালঞ্চ এলাকার লাভলু রহমান (পাসপোর্ট নম্বর: এক্স ০৪৪৭৮৫৪)।