আফগানিস্তানে আকস্মিক সফরে ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তান সরকারের অগ্রগতিতে মার্কিন জনগণ সন্তুষ্ট। তবে মাদক চোরাচালান ও দুর্নীতিবিরোধী অভিযানে আফগান সরকারকে আরও উন্নতি করতে হবে। গতকাল রোববার আফগানিস্তানে এক আকস্মিক সফরে গিয়ে ওবামা এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই ওবামার প্রথম আফগানিস্তান সফর। সংক্ষিপ্ত এ সফরকালে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তাঁর সরকারের মন্ত্রিপরিষদের সদস্য এবং আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। খবর এএফপি ও বিবিসির।কারজাইয়ের সঙ্গে একান্ত বৈঠকের পর ওবামা সাংবাদিকদের সামনে আফগান প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘আফগান সরকারের অগ্রগতিতে মার্কিন জনগণ উৎসাহিত। তবে এ ক্ষেত্রে আফগান সরকারকে আরও অগ্রগতি অর্জন করতে হবে। সুশাসন, দুর্নীতিবিরোধী অভিযান ও আইনের শাসন প্রতিষ্ঠায় চলমান অগ্রগতি অব্যাহত রাখতে হবে।’ওবামা বলেন, তাঁর এ আকস্মিক সফরের উদ্দেশ্য হলো আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনাদের ‘অবিশ্বাস্য সংগ্রাম ও তাঁদের ‘বিশাল আত্মত্যাগ’-এর প্রতি কৃতজ্ঞতা জানানো। তিনি তাঁর বক্তব্যে আফগানিস্তানের বেসামরিক ও সরকারি প্রতিষ্ঠানের পুনর্গঠন ও পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন করদাতাদের ধন্যবাদ জানান।নিরাপত্তার কারণে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান সফরের কথা গোপন রাখা হয়েছিল। কাবুলের উদ্দেশে গত শনিবার রাতে তিনি যাত্রা শুরু করেন। এয়ার ফোর্স ওয়ানে করে কোনো যাত্রাবিরতি ছাড়াই গতকাল সন্ধ্যায় তিনি কাবুলের উত্তরে বাগরাম বিমানঘাঁটিতে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি একটি হেলিকপ্টারে করে প্রেসিডেন্ট প্রাসাদে যান। সেখানে প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে তাত্ক্ষণিকভাবে বৈঠকে মিলিত হন ওবামা। বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ও আফগান সরকারের মধ্যে দুর্নীতি, মাদক পাচারসহ নানা বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে ওবামা আফগান প্রেসিডেন্টের সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। গার্ড অব অনার দেন আফগান সেনারা। এ সময় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়।হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তান সফরে প্রথমে কয়েকজন সাংবাদিকের সঙ্গে বৈঠক করেন। এরপর বৈঠক করেন আফগান প্রেসিডেন্ট ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে। সবশেষে তিনি প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। তবে দুই প্রেসিডেন্টের মধ্যকার এ বৈঠক স্থায়ী হয় মাত্র ১৫ মিনিট।হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, আফগানিস্তান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবামা আফগানিস্তানে কর্তব্যরত মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।প্রেসিডেন্ট ওবামা গত ডিসেম্বরে আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন। একই সঙ্গে তাঁর তরফ থেকে ২০১১ সাল নাগাদ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারেরও ঘোষণা দেওয়া হয়।