আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি অতিথিশালায় আজ মঙ্গলবার তিনটি আত্মঘাতী বোমা হামলায় চার বেসরকারি আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। প্রদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ১০ বেসামরিক নাগরিক আহত হয়েছে। পুলিশ কর্মকর্তা আবদুল রহমান জানান, উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের ওই অতিথিশালায় বিদেশিদের অহরহ যাতায়াত রয়েছে। আজ সকালে প্রথমে অতিথিশালার প্রবেশমুখে এক হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। পরে অপর দুই হামলাকারী অতিথি ভবনে হামলা চালায়। সেখানে তাদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টা যুদ্ধ চলে। এরপর হামলাকারীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান জার্মান উন্নয়ন সংস্থা জিটিজেড। আহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছেন কি না, তা এখনো পরিষ্কার নয়। আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন।