আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গতকাল শুক্রবার দুপুরের খাবারের সময় কান্দাহারের পাশে তিরিন কট থানায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই পুলিশের কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলাকারীর পরনে পুলিশের পোশাক থাকায় সে খুব সহজে থানার খাবার ঘরে ঢুকতে পেরেছিল। হামলাকারী পুলিশের সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর এটি পরিষ্কার হবে বলে জানান তিনি। অনেক আগে থেকে হামলা করার জন্য তালেবানের লক্ষ্যবস্তু ছিল আফগান পুলিশ। ন্যাটো বাহিনী নিরাপত্তা রক্ষার দায়িত্ব আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার কয়েক দিন পর গতকাল এই আত্মঘাতী বোমা হামলা ঘটল।আফগানিস্তানের চোরা এলাকায় গতকাল রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই শিশু নিহত হয়। তাদের বয়স ১০ থেকে ১১ বছর।পৃথক আরেকটি আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের কাছে বলদাক সীমান্তে অন্তত দুজন নিহত হয়। তাঁদের মধ্যে একজন সীমান্ত পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বলে জানা গেছে।