আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ২৫
আফগানিস্তানের নানগড় প্রদেশে আজ মঙ্গলবার এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ ব্যক্তি মারা গেছে।সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, দুর বাবা জেলায় এক প্রভাবশালী উপজাতি নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে কয়েক শ গ্রামবাসী ও কর্মকর্তা অংশ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, হামলায় জেলার গভর্নর হামেশা গুলসহ আহত হয়েছে প্রায় ৩০ জন।উপজাতি নেতা ও গোয়েন্দা কর্মকর্তারা হামলার জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘হামলাকারী দাফনে অংশগ্রহণকারীদের সঙ্গেই হাঁটছিল। দুর বাবার গভর্নরের ভাই তাকে দেখে চিনতে পারেন। কিন্তু ধরতে গেলেই সে বোমাটির বিস্ফোরণ ঘটায়। চারদিকে তখন শুধু রক্ত আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ।’ আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, যখন বোমাটি বিস্ফোরিত হয় তখন তিনি অনেক পেছনে ছিলেন। তিনি বলেন, ‘কেউ যেন চিত্কার করে উঠল যে ওখানে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আছে। সবাই ছোটাছুটি করতে লাগল। এরপর আমি পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এল দেখি চারদিকে শুধু লাশ আর রক্ত।’