আফগানিস্তানে ঈদের নামাজে বোমা, নিহত ৩৭
আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। ফারয়াব প্রদেশের রাজধানী মেমানার একটি মসজিদের সামনে এই হামলায় আহত হয়েছে অন্তত ৪০ জন। ঈদুল আজহার নামাজ আদায় করার সময় এই বোমা হামলা চালানো হয়।ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা। সে সময় ফারয়াব প্রদেশের গভর্নর ও পুলিশপ্রধান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁরা অক্ষত অবস্থায় প্রাণে বাঁচতে সক্ষম হন।তবে কমপক্ষে চারটি নিরাপত্তা পাহারা পার হয়ে কীভাবে এই বোমা হামলা চালানো সম্ভব হলো, সেটা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন বিবিসির কাবুল প্রতিনিধি বিলাল সারওয়ারি। ফারয়াব প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল বারেজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী ওই ব্যক্তিও একটি পুলিশের পোশাক পরে ছিল।আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মতো উত্তরাঞ্চলে সচরাচর এ ধরনের বোমা হামলার ঘটনা দেখা যায় না। আর এই ফারয়াব প্রদেশটিকে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বলেই বিবেচনা করা হয়। এর আগে গত এপ্রিলে মেমানার একটি সবজি বাজারের সামনে বোমা হামলায় নিহত হয়েছিল ১০ জন।— বিবিসি অনলাইন