আফগানিস্তানে এবার যুদ্ধ নয়, শান্তির কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিগ্রহ লেগেই আছে দেশটিতে। আকাশে-বাতাসে কেবলই বোমা আর বারুদের গন্ধ। শিশুদের যে সময় মায়ের আঁচলে নিরাপদ জীবন-যাপনের কথা, সে সময় তারা দেশজুড়ে দেখছে বিভীষিকা। তরুণ-যুবাদের যখন জীবন গড়ার যুদ্ধে মনোনিবেশ করার কথা, তখন তাদের মোকাবিলা করতে হচ্ছে বিদ্রোহী, শত্রু ও মৃত্যুর। এ রকম শত প্রতিকূলতার মধ্যে আফগানিস্তানের নাগরিক জীবনে হঠাত্ যেন এক পশলা বৃষ্টি নেমেছিল গত শনিবার। যুদ্ধবিধ্বস্ত এ দেশটির শান্তিকামী একদল মানুষ মেতে উঠেছিল রক অ্যান্ড রোল কনসার্টে। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান ও আফগানিস্তানের কয়েকটি ব্যান্ড ছয় ঘণ্টা গান করে। বিদ্রোহীদের আক্রমণের ভয়ে কনসার্টের তারিখ ও স্থানের কথা প্রকাশ করা হয় শেষ মুহূর্তে। গোপনীয়তা সত্ত্বেও কনসার্টে দর্শক উপস্থিতি ছিল শ পাঁচেক। হাতে গোনা মাত্র এই কজন দর্শকই যেন পুরো আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছিল। ব্যান্ডের উদ্দাম নৃত্য-গীতে যোগ দেন নিরাপত্তা কর্মী ও পুলিশেরাও। এর আগে আফগানরা এমন আয়োজন দেখেছে সর্বশেষ তিন দশক আগে। আফগানিস্তানে তালেবান শাসনামলে সংগীত নিষিদ্ধ ছিল। এমনকি এখনো সিডির দোকান এবং কিছু শহরে সংগীতশিল্পীদের আক্রমণের শিকার হতে হয়। এমন একটি অবস্থায় দেশটিতে এমন আয়োজন অনেককে বিস্মিত করেছে। তবে অন্যান্য শহরের মতো এই কনসার্টে অ্যালকোহল নিষিদ্ধ ছিল। ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে সন্ধ্যায় নামাজের জন্য কনসার্টে বিরতি দেওয়া হয়েছিল।কান্দাহার থেকে কনসার্ট দেখতে আসা আহমদ শাহ বলেন, ‘আমি যেখানে থাকি, সেখানে এমন কিছুই নেই। এ আসরের খবর পেয়েই চলে এসেছি।’ কঠোর নিরাপত্তার মধ্যে এই কনসার্টের আয়োজন করা হয় কাবুলের বাবর গার্ডেনে। এর পাশেই রয়েছে উপমহাদেশের প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মু. বাবরের সমাধি। উজবেক ব্যান্ড ‘টিয়ার্স অব দ্য সান’-এর গায়ক সাবরিনা আবলায়েসকিনা মাইক্রোফোন হাতে নিয়ে ‘কাবুল, আমার নতুন বন্ধু, আসুন একসঙ্গে নাচি, গাই’ বলা মাত্রই দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে। "সাবরিনা বলেন, ‘এত উপস্থিতি হবে, আমরা আশা করিনি। এটি বিস্ময়কর। আমরা আবারও কাবুলে গান নিয়ে আসতে চাই।’ গিটারিস্ট নিকিতা ম্যাকাপেনকো বলেন, ‘রক অ্যান্ড রোল বিশ্বকে পরিবর্তন করবে। আমরা আশা করি, এটি আফগানিস্তানেও পরিবর্তন আনবে। এটি ঐতিহাসিক, আর সেই পরিবর্তনের শুরুটা ইতিমধ্যে হয়ে গেছে।’ "অস্ট্রেলিয়ার ফটোসাংবাদিক ট্রাভিস ব্রেড বলেন, ‘স্থানীয় সংগীতশিল্পীদের প্রতিভা আমাকে অনুপ্রাণিত করেছে। এই কনসার্ট একদিনের আনন্দের জন্য নয়, এটি আফগানিস্তানের তরুণদের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধন।’ জিন্স ও স্যান্ডেল পরা ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র গজারিয়া বলছিলেন, ‘রেডিওতে এই কনসার্ট আয়োজনের খবর শোনার সময় আমার বন্ধু জিজ্ঞাসা করে, আমরা কি সেখানে যাব? আমি বলি কেন নয়?’ রয়টার্স।