আফগানিস্তানে ওবামার ঝটিকা সফর
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার আফগানিস্তানে ঝটিকা সফর করেছেন। সাড়ে তিন ঘণ্টার সফরের সময় প্রেসিডেন্ট হামিদ কারজাইর সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়নি। ওবামা সেখানে রণাঙ্গনে নিয়োজিত মার্কিন সেনাদের আক্রমণাত্মক হওয়ার প্রশংসা করেছেন।সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘তালেবানের উত্থান ঠেকাতে আমরা সক্ষম হয়েছি।’ আগামী দিনগুলোতে আফগানিস্তানে মার্কিন বাহিনী আরও বেশি আক্রমণাত্মক থাকবে বলে তিনি ঘোষণা দিয়েছেন ।কোনো পূর্বঘোষণা ছাড়া বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ছাড়েন ওবামা। বাছাই করা কিছু সংবাদকর্মী, কয়েকজন ব্যক্তিগত কর্মকর্তা এবং নিরাপত্তা দল নিয়ে বিশেষ বিমানটি ওয়াশিংটন ছাড়ে। আফগানিস্তানে অবতরণের আগ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার সফরসূচি গোপন রাখা হয়। কোনো মার্কিন মিডিয়াও প্রেসিডেন্টের এ সফর নিয়ে সংবাদ পরিবেশন করতে পারেনি।ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় দফা আফগানিস্তান সফর করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজধানী কাবুল থেকে মাত্র ৩৫ মাইল দূরে বাগরাম এয়ারফোর্স ছাউনিতে তিনি প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। মাত্র এক ঘণ্টার সড়ক পথের দূরত্বে থাকলেও প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রেসিডেন্ট হামিদ কারজাইর সাক্ষাত্ ঘটেনি। আবহাওয়া বৈরী থাকায় দুই নেতার মধ্যে ভিডিও কনফারেন্সও হয়নি। তবে শেষে বারাক ওবামা এবং হামিদ কারজাই টেলিফোনে ১৫ মিনিট কথা বলেন।সম্প্রতি উইকিলিকসের প্রকাশ করা মার্কিন গোপন কূটনৈতিক দলিল নিয়ে নানা সংশয় সন্দেহ চলছে দুই দেশের মধ্যে। নয় বছরেরও বেশি সময় ধরে মার্কিন দখলে থাকা আফগানিস্তান নিয়ে ওয়াশিংটন এখন উত্কণ্ঠায় রয়েছে। এক বছর আগে বর্ধিত সেনা প্রেরণ করে তালেবান দমনে আক্রমণাত্মক কৌশল নেন প্রেসিডেন্ট ওবামা। মার্কিন সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতায় থাকলেও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন।এ অবস্থায় আগামী বছরের মধ্যভাগ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগাম ঘোষণা দিয়েছেন ওবামা। তবে রণাঙ্গন পরিস্থিতি এখনো সেনা প্রত্যাহারের জন্য অনুকূল নয় বলে মনে করেন মার্কিন সমরবিশেষজ্ঞরা।বাগরাম সেনা ছাউনিতে মার্কিন সেনাদের উদ্দেশে প্রেসিডেন্ট ওবামা আবারও বলেছেন, তালেবান নির্মূলে সামনের দিনগুলো আরও কঠিন হবে। মার্কিন সেনাদের আক্রমণাত্মক ভূমিকার কারণে তালেবানের এখন আর চাঙা অবস্থা নেই। আফগান ভূখণ্ডের অধিকাংশ এলাকা তালেবানদের কবলে নেই বলে প্রেসিডেন্ট ওবামা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন।