আফগানিস্তানে কঠিন সময় সামনে
আফগানিস্তানে কঠিন সময় পড়ে আছে সামনে। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাটো শীর্ষ সম্মেলনে এ কথা বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।সম্মেলনে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। ওবামা বলেন, ‘আমাদের এখনো অনেক কাজ করার আছে। সামনে পড়ে আছে বিরাট চ্যালেঞ্জ। আফগানিস্তানে প্রাণহানি ঘটেই চলেছে। সামনের সময়টা আরও কঠিন।’ এ সম্মেলনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি গুরত্বসহকারে আলোচিত হচ্ছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। তবে ফ্রান্স চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে। ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রান্সের সেই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। ২০১৪ সালের শেষ নাগাদ আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দেশটির দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তিনি তাঁদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন আছেন।সম্মেলনে ৬০টির বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলন উপলক্ষে শিকাগোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে এই প্রথমবারের মতো ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের প্রধান সামরিক জোট ন্যাটোর এই সম্মেলন ঘিরে শিকাগো উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন দেশে ন্যাটোর আগ্রাসনের প্রতিবাদ জানাতে প্রায় তিন হাজার বিক্ষোভকারী শিকাগোতে বিক্ষোভ করেছে। পুলিশ অর্ধশত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।