আফগানিস্তানে গত সপ্তাহে নিহত ৪৫ বেসামরিক ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে ন্যাটোর রকেট হামলায় গত সপ্তাহে কমপক্ষে ৪৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আফগান সরকারের একজন মুখপাত্র গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার হেলমান্দ প্রদেশের সাংগিন জেলায় তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানের সময় বেসামরিক লোকজন একটি মাটির ঘরে লুকিয়ে ছিল। এ সময় ন্যাটো বাহিনীর একটি রকেট সেই বাড়িটির ওপর পড়লে সেখানে হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানে তালেবান বিদ্রোহী দমনের নামে ন্যাটো বাহিনীর হামলায় বারবার নিরীহ বেসামরিক লোকজন নিহত হওয়ায় দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেসামরিক নাগরিকদের প্রাণহানি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তাঁর পশ্চিমা মিত্রদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি করেছে।এদিকে ন্যাটো বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, শুক্রবার হেলমান্দের সাংগিনে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ সময় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।—রয়টার্স