আফগানিস্তানে ছদ্মবেশীর গুলিতে ১১ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের দেলারাম জেলায় গতকাল শনিবার ছদ্মবেশী এক ব্যক্তির গুলিতে পুলিশের ১১ জন সদস্য নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, পুলিশের পাল্টা গুলিতে ওই ছদ্মবেশীও নিহত হয়েছেন। ছদ্মবেশী ব্যক্তিটি তালেবান সদস্য এবং তিনি আফগান পুলিশ বাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন বলে কর্মকর্তাদের ধারণা ।নিমরোজ প্রদেশের গভর্নর আবদুল করিম বলেন, ‘এই কাপুরুষোচিত হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমাদের ১১ জন সাহসী পুলিশ নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক তালেবান অনুপ্রবেশকারী এ ঘটনা ঘটিয়েছেন।’ প্রাদেশিক পুলিশের উপপ্রধান আবদুল মজিদ লতিফি জানিয়েছেন, পুলিশের পোশাকধারী এক ব্যক্তি গুলি করে পুলিশের ১১ জন সদস্যকে হত্যা করেছেন। এ ঘটনায় তদন্তের প্রস্তুতি চলছে। এর এক দিন আগে গত শুক্রবার আফগানিস্তানে ছয় বিদেশি সেনা নিহত হন। ওই দিন দেশটির হেলমান্দ প্রদেশের এক পুলিশ সদস্য তিন মার্কিন সেনাকে রাতে খাওয়ার দাওয়াত দিয়ে তল্লাশি চৌকিতে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেন। একই দিন হেলমান্দের ন্যাটো ঘাঁটিতে কর্মরত এক আফগান বেসামরিক নাগরিক তিন বিদেশি সেনাকে গুলি করে হত্যা করেন। ন্যাটোর হিসাব অনুযায়ী, চলতি বছর আফগানিস্তানে ৩৪ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটিতে মোতায়েন ন্যাটো বাহিনী। এই প্রেক্ষাপটে আফগান পুলিশ ও সেনাদের ওপর চাপ বেড়েই চলছে।