আফগানিস্তানে জঙ্গি হামলায় ব্র্যাকের কর্মকর্তা খুন
আফগানিস্তানের তালেবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তাকে খুন করেছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ মহিউদ্দীন। আফগান বার্তা সংস্থা পাজওক আফগান নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোরে ব্র্যাক কর্মীদের আবাসিক ভবনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অস্ত্রধারী চার জঙ্গি ওই হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ব্র্যাকের কর্মী সামিদুল হক পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছেন।আফগানিস্তানে ব্র্যাকের প্রধান খন্দকার আরিফুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দীনের লাশ জাতিসংঘের একটি বিমানে করে বৃহস্পতিবার ঘোর থেকে কাবুলে আনা হয়েছে। সেখান থেকে আজ শনিবার মরদেহ নিয়ে দেশের পথে রওনা দেবে। আশা করি, মহিউদ্দীনের লাশ আগামীকাল রোববার সকালে দেশে পৌঁছাবে।’আরিফুল ইসলাম বলেন, মোহাম্মদ মহিউদ্দীন ২০০৯ সাল থেকে আফগানিস্তানে ব্র্যাকের কর্মকাণ্ডে যোগ দেন। তিনি ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। তাঁর মৃত্যু ব্র্যাকের জন্য অপূরণীয় ক্ষতি। জানা গেছে, এ মুহূর্তে আফগানিস্তানে ব্র্যাকের মোট তিন হাজার কর্মী রয়েছেন। এঁদের মধ্যে ১৫৩ জন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকদের মধ্যে ৪০ জন আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। গতকাল ব্র্যাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিহত মোহাম্মদ মহিউদ্দীন (৪১) আড়াই বছর ধরে ঘোর শহরে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। দুই সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থাকেন।স্থানীয় পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কর্নেল মুর্তাজা মুসলেহের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা পাজওক আফগান নিউজ জানায়, ঘোর প্রদেশের রাজধানী চাঘচারানে ব্র্যাকের কার্যালয়ে খুব ভোরে তালেবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। সামিদুল হক নামের অপর এক বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় আহত এক হামলাকারীকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের একটি অতিথি ভবন থেকে ব্র্যাকের ওই কার্যালয় প্রায় ৫০০ মিটার দূরে।সামিদুল হক ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘হামলাকারীরা তাঁদের আটক করে বন্দী সহযোগীদের মুক্তির দাবিতে জিম্মি করতে চেয়েছিল। ব্র্যাক কার্যালয়ের প্রধান ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারীরা ভবনে প্রবেশের পর আমি পালিয়ে যেতে সক্ষম হই।’ তিনি জানান, মহিউদ্দীনের রুমে আফগানিস্তানের একজন কর্মী থাকতেন। তিনি অক্ষত বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।২০০২ সালে ব্র্যাক আফগানিস্তানে শাখা খোলার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছেন এ সংস্থার কর্মীরা। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা আবদুল আলিমকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার তিন দিনের মাথায় অপহূত হন নূরুল ইসলাম নামে আরেক কর্মকর্তা। দীর্ঘ ৮৩ দিন পর মুক্তি পান তিনি। এরপর ২০০৮ সালের ২৫ অক্টোবর মো. আখতার ও মো. শাহজাহান নামের দুই কর্মকর্তাকে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ১০ দিন পর ২ নভেম্বর মুক্তি দেওয়া হয় তাঁদের। ২০১০ সালের ১৮ ডিসেম্বর আফগানিস্তানে ব্র্যাকের প্রকৌশলী আলতাফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অপহূত হন আরও ছয়জন, যাঁদের মধ্যে দুজন দুই দিন পর মুক্তি পান।