আফগানিস্তানে জিম্মি ৫ বাংলাদেশি মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহূত পাঁচ বাংলাদেশিকে প্রায় সাড়ে সাত মাস পর গতকাল মঙ্গলবার সকালে মুক্তি দিয়েছে আফগান অস্ত্রধারীরা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার জানামতে, মুক্তিপণের বিনিময়ে তাঁদের উদ্ধার করা হয়নি।’অস্ত্রধারী একদল আফগান দুর্বৃত্ত গত বছরের ১৭ ডিসেম্বর রাতে মাজার-ই-শরিফে অবস্থিত দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণপ্রতিষ্ঠান সামহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালায়। এ সময় তারা এক বাংলাদেশিকে হত্যা করে, জিম্মি করে অপর সাতজনকে। এঁদের অপহরণ করে নেওয়ার সময় পথিমধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। তাঁকেসহ সুস্থ আরেকজনকে পাহারায় রেখে বাকি পাঁচজনকে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। এর পর থেকে দুর্বৃত্তরা মুক্তিপণ দাবি করে আসছিল।অপহরণকারীদের ধারণ করা একটি ভিডিও টেপের ভিত্তিতে গত ৩ জুলাই প্রথম আলোয় ‘মুক্ত করার আকুতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে জিম্মিজীবনের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে পাঁচ বাংলাদেশি দ্রুত তাঁদের মুক্ত করার আকুতি জানান। তখন প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, জিম্মি নাগরিকদের উদ্ধারে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, ‘মূলত মাজার-ই-শরিফের বয়োজ্যেষ্ঠদের সহায়তায় আলাপ-আলোচনার মাধ্যমে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাঁচ বাংলাদেশি সামহোয়ান করপোরেশনের হেফাজতে রয়েছেন। তাঁদের সবাই সুস্থ আছেন। আগামী সাত-আট দিনের মধ্যে তাঁদের দেশে আনা হবে বলে আশা করছি।’মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন: টাঙ্গাইল জেলার কালিহাতীর আমিনুল ইসলাম (পাসপোর্ট নম্বর এক্স ০২৭২৯৬৬) ও শফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর এক্স ০২৬০৩৮৬), রাজশাহীর চারঘাটের মাহাতাব আলী (পাসপোর্ট নম্বর ডব্লিউ ০৩৬২০৫১), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিন (পাসপোর্ট নম্বর এক্স ০৩৩৩০৪৮), টাঙ্গাইলের চৌধুরী মালঞ্চ এলাকার লাভলু রহমান (পাসপোর্ট নম্বর এক্স ০৪৪৭৮৫৪)।