আফগানিস্তানে তালেবানদের ওপর ন্যাটোর তীব্র আক্রমণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে মার্কিন, ব্রিটিশ ও আফগান বাহিনী ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এযাবত্কালের সর্ববৃহত্ সামরিক আক্রমণ শুরু করেছে।হেলমান্দ প্রদেশের তালেবানদের দখলে থাকা মারজাহ ও নাদ আলী জেলাগুলোর ওপর আবার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কায়েম করতে হেলিকপ্টার থেকে প্রবল আক্রমণ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। ন্যাটো জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ আফগানিস্তানের অঞ্চলগুলোর মধ্যে হেলমান্দ প্রদেশের মারজাহতে সবচেয়ে বেশি আফগান বাস করে এবং এটি ৪০০ থেকে এক হাজার জঙ্গির ঘাঁটি।‘অপারেশন মোশতারাক’ নামে অভিহিত এই অভিযানে অংশ নিচ্ছে ১৫ হাজারেরও বেশি সেনা। অভিযানটির নেতৃত্ব দিচ্ছে চার হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা। এ ছাড়া অভিযানটিতে অংশ নিচ্ছে চার হাজার ব্রিটিশ সেনা, এক হাজার ৫০০ আফগান সেনা এবং রাতের অন্ধকারের আড়ালে হেলিকপ্টারে উড়িয়ে আনা আরও ৩০০ মার্কিন সেনা।এদিকে বিবিসির এডাম ব্রুকস জানিয়েছেন, ওয়াশিংটনের কাছে এই আক্রমণের ব্যাপক রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কেননা গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা ৩০ হাজার থেকে ৯০ হাজারে উন্নীত করার ঘোষণা দেওয়ার পর এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় একক আক্রমণ। ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত বৃহস্পতিবার এই আক্রমণকে সমর্থন জানিয়েছেন। মারজাহ ও নাদ আলী জেলাগুলোর ওপর প্রাথমিক আক্রমণ শুরু হয় আজ শনিবার সকালে।অপারেশন মোশতারাকের কারণে ইতিমধ্যেই প্রচুর বেসামরিক লোক জেলা দুটি ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছে বলে জানা গেছে। বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার আশঙ্কা কমানোর লক্ষ্যে ন্যাটো আগে থেকেই মারজাহের বিভিন্ন এলাকায় আসন্ন আক্রমণ সম্পর্কে লিফলেট বিতরণ করে। মারজাহের কয়েকজন অধিবাসী জানিয়েছে, তালেবানরাও তাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তালেবানরা জানিয়েছে, তারা এই হামলা মোকাবিলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আক্রমণের উদ্দিষ্ট এলাকার বিভিন্ন জায়গায় ন্যাটো বাহিনীকে শক্ত তালেবান প্রতিরোধের সম্মুখীন হতে হবে বলে বিশ্লেষকেরা মনে করছে। এর আগে গত সপ্তাহে তালেবানদের মনোবল দুর্বল করার লক্ষ্যে ব্রিটিশ বাহিনী বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটির ওপর হামলা চালায়। গত বৃহস্পতিবার ওই হামলা চালানোর সময় একজন ব্রিটিশ সেনা এক বিস্ফোরণে নিহত হয়। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বব এইনসওয়ার্থ বলেছেন, আগামী দিনগুলোতে হতাহতের সংখ্যা অনেক বাড়বে।