আফগানিস্তানে তুষারধসে নিহত ১৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের ‘সালাং পাস’ নামে একটি ব্যস্ত গিরিপথে সোমবার দফায় দফায় তুষারধসে অন্তত ১৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। খবর এএফপি ও বিবিসির।কর্মকর্তারা জানান, কাবুলের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের যোগাযোগ রক্ষাকারী কৌশলগত ওই গিরিপথে যানবাহনে করে যাওয়ার সময় যাত্রীরা পর্বত থেকে ধসে পড়া তুষারস্তূপের নিচে চাপা পড়ে। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ওই গিরিপথে সোমবার থেকে ২৪টিরও বেশি তুষারধসের ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত ১৬৫টি লাশ ও প্রায় আড়াই হাজার লোককে জীবিত উদ্ধার করা হয়। গত তিন দিনে কমপক্ষে ১৩টি গাড়ি তুষারের নিচে চাপা পড়ে। তুষারস্তূপের নিচে আরও বহু লাশ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের জনস্বাস্থ্যমন্ত্রী সুরাইয়া দলিল বলেন, ওই এলাকা থেকে আমাদের কাছে সর্বশেষ যে খবর এসেছে, এতে ১৬৫ জন আফগান নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৫ জন। এ ঘটনাকে তিনি সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তানে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেন। প্রত্যক্ষদর্শী একজন আলোকচিত্র সাংবাদিক বলেন, ধসে পড়া তুষারের আকস্মিক ধাক্কায় সড়ক থেকে চলমান গাড়ি ছিটকে অনেক নিচে উপত্যকায় গিয়ে পড়ে। নয়টি যাত্রীবাহী গাড়ি ও দুটি বড় বাসকে তিনি উপত্যকার সমতলভূমিতে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। পারওয়ান প্রদেশের গভর্নর আবদুল বাসির সালাঙ্গি বলেন, তুষারে চাপা পড়া একটি বাসের ভেতর কমপক্ষে ১৪ জন যাত্রী এখনো জীবিত আছেন বলে জানা গেছে।