আফগানিস্তানে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ৫০
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে জ্বালানিবাহী একটি ট্যাংকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, গজনির আব্বান্দ জেলার কাবুল-কান্দাহার মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে বহু মানুষ এমনভাবে পুড়ে যায় যে তাদের চিহ্নিত করা কঠিন। একজন পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার সময় দুটি গাড়িই অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। দাঘু জন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘দুটি গাড়ি দ্রুতবেগে পরস্পরকে আঘাত করে। আমি তখন আমার প্রতিষ্ঠানে কাজ করছিলাম। চোখের সামনেই বাসটি পুড়ে গেল।’ তিনি আরও বলেন, ‘ওই সড়কের চালকেরা প্রায় সময়ই যাত্রীদের হত্যা করে।’ পুলিশ কর্মকর্তারা জানান, তাঁরা ধ্বংসস্তূপ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জেনারেল জারওয়ার জাহিদ বলেন, সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়। এতে বাসের বেশির ভাগ যাত্রী আগুনে পুড়ে মারা যায়।