আফগানিস্তানে নিহত আলতাফের লাশ কাল দেশে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজার-ই-শরিফে আফগান দুষ্কৃতকারীদের হাতে নিহত বাংলাদেশের প্রকৌশলী কাজী আলতাফ হোসেনের দেহ কাল রোববার ঢাকায় আনার কথা রয়েছে। ১৭ ডিসেম্বর একদল অস্ত্রধারী দুষ্কৃতকারী আফগানিস্তানে দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে তাঁকে হত্যা করে। এ সময় জিম্মি করা হয় অন্য সাতজন বাংলাদেশিকে। পরে দুষ্কৃতকারীরা দুই জিম্মিকে মুক্তি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ জানিয়েছেন, পাঁচ বাংলাদেশিকে নিরাপদে উদ্ধারের জন্য আফগানিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শিগগিরই তাঁদের নিরাপদে উদ্ধার করার ব্যাপারে আফগানিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিহত প্রকৌশলীর দেহ দেশে আনার ব্যাপারে জানতে চাইলে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আজ প্রথম আলোকে বলেন, কাজী আলতাফ হোসেনের লাশ রোববার দিনের প্রথম ভাগে ঢাকায় আসার কথা রয়েছে। আজ বিকেলে কাবুল থেকে আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানার একটি ফ্লাইট লাশটি নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে। দুবাই থেকে সেটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোববার ঢাকায় আসবে। মোহাম্মদ ইমরান আরও জানান, আলতাফের লাশের সঙ্গে ঢাকায় আসছেন তাঁর বড় ভাই ও এক সহকর্মী। আলতাফের বড় ভাইও সেমহোয়ানের কর্মী।