আফগানিস্তানে নিহত বাংলাদেশি প্রকৌশলীর পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের মাজার-ই-শরিফে দুষ্কৃতকারীদের হাতে নিহত বাংলাদেশি প্রকৌশলীর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম কাজী আলতাফ হোসেন, বাড়ি পাবনায়। তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে এবং একই ঘটনায় অপহূত পাঁচ বাংলাদেশিকে মুক্ত করতে সরকার তৎপরতা চালাচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, গত শুক্রবার রাত আটটার দিকে অস্ত্রধারী একদল আফগান দুষ্কৃতকারী মাজার-ই-শরিফে দক্ষিণ কোরীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালায়। আন্দখই সড়ক প্রকল্পে কর্মরত ১৭ জন বাংলাদেশি তখন ওই শিবিরে ছিলেন। তাঁদের মধ্যে অ্যাসফল্ট প্ল্যান্টে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ দুষ্কৃতকারীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন। নয়জন বাংলাদেশি পালিয়ে যান এবং দুষ্কৃতকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে সাতজনকে। তাঁদের দুজনকে গতকাল ছেড়ে দেওয়া হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অপহূত সাত বাংলাদেশির মধ্যে দুজনকে আজ (রোববার) ছেড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। নিহত বাংলাদেশি কাজী আলতাফ হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি জিম্মি হিসেবে আটক পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সেমহোয়ান করপোরেশনের সহায়তায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।’কূটনৈতিক সূত্রগুলো জানায়, জিম্মিদের মুক্ত করতে ও কাজী আলতাফের লাশ ফিরিয়ে আনতে সহায়তার জন্য বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে অনুরোধ জানিয়েছে। ঢাকার কর্মকর্তারা জানান, আলতাফের লাশ গতকাল সন্ধ্যায় কাবুলে আনা হয়েছে।জানা গেছে, ঘটনার খবর পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সেমহোয়ানের আফগানিস্তান শাখায় কর্মরত অন্য বাংলাদেশিদের মাধ্যমে এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা থেকে নিহত বাংলাদেশি ও জিম্মিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। জিম্মিদের উদ্ধার ও নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।