আফগানিস্তানে নিহত ব্র্যাক কর্মকর্তার লাশ দেশে
আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলায় নিহত বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীনের লাশ আজ রোববার ঢাকায় এসে পৌঁছেছে।বিমানবন্দর থেকে মহিউদ্দীনের লাশ সরাসরি তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে বলে ব্র্যাকের এক কর্মকর্তা প্রথম আলো ডট কমকে জানিয়েছেন।গত বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীনকে হত্যা করে।আফগান বার্তা সংস্থা পাজওক আফগান নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ঘোরে ব্র্যাককর্মীদের আবাসিক ভবনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অস্ত্রধারী চার জঙ্গি ওই হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ব্র্যাকের কর্মী সামিদুল হক পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছেন।সামিদুল হক ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘হামলাকারীরা তাঁদের আটক করে বন্দী সহযোগীদের মুক্তির দাবিতে জিম্মি করতে চেয়েছিল। ব্র্যাক কার্যালয়ের প্রধান ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারীরা ভবনে ঢোকার পর আমি পালিয়ে যেতে সক্ষম হই।’আফগানিস্তানে ব্র্যাকের প্রধান খন্দকার আরিফুল ইসলাম জানান, মোহাম্মদ মহিউদ্দীন ২০০৯ সাল থেকে আফগানিস্তানে ব্র্যাকের কর্মকাণ্ডে যোগ দেন। তিনি ছিলেন একজন দক্ষ কর্মকর্তা।ব্র্যাক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ মহিউদ্দীন (৪১) আড়াই বছর ধরে ঘোর শহরে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করে আসছিলেন। দুই সন্তানকে নিয়ে তাঁর স্ত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থাকেন। তাঁর মৃত্যু ব্র্যাকের জন্য অপূরণীয় ক্ষতি।২০০২ সালে ব্র্যাক আফগানিস্তানে শাখা খোলার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছেন এ সংস্থার কর্মীরা। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ব্র্যাক কর্মকর্তা আবদুল আলিমকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার তিন দিনের মাথায় অপহূত হন নূরুল ইসলাম নামে আরেক কর্মকর্তা। দীর্ঘ ৮৩ দিন পর মুক্তি পান তিনি। এরপর ২০০৮ সালের ২৫ অক্টোবর মো. আখতার ও মো. শাহজাহান নামের দুই কর্মকর্তাকে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে অপহরণ করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। ১০ দিন পর ২ নভেম্বর মুক্তি দেওয়া হয় তাঁদের। ২০১০ সালের ১৮ ডিসেম্বর আফগানিস্তানে ব্র্যাকের প্রকৌশলী আলতাফ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অপহূত হন আরও ছয়জন, যাঁদের মধ্যে দুজন দুই দিন পর মুক্তি পান।