আফগানিস্তানে ন্যাটো বিমান ভূপাতিত হয়ে নিহত ১১
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আজ বৃহস্পতিবার বিকেলে ন্যাটো বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন মার্কিন সেনাসহ মোট ১১ জন নিহত হয়েছেন।আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কান্দাহারের শাহ ওয়ালি কোট জেলায় দুর্ঘটনাটি ঘটে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘নিহত লোকজনের মধ্যে চারজন আইএসএএফের সদস্য, তিনজন মার্কিন সেনা, তিনজন আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর সেনা এবং একজন একজন দোভাষী।’খবরে বলা হয়, তালেবান জঙ্গিরা হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তবে রয়টার্সের খবরে বলা হয়, তালেবান সেনারা প্রায়ই ফুলিয়ে ফাঁপিয়ে তাদের সাফল্য জাহির করে থাকে। যেসব দুর্ঘটনায় বিদেশি সৈন্যরা নিহত হয়, সেগুলো তাদের আক্রমণের ফলে হয়েছে, এমন দাবিও জানায়। ঘটনাস্থল জঙ্গিদের একটি ঘাঁটি এলাকা এবং রসদ সরবরাহের পথ। তালেবানরা ২০১১ সালের আগস্টে একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ভূপাতিত করে। ওই ঘটনায় ২৫জন মার্কিন সেনাসহ ৩৮ ব্যক্তি নিহত হয়েছিলেন।