আফগানিস্তানে ন্যাটো সেনাদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে
সময় যতই গড়াচ্ছে, আফগানিস্তানে ন্যাটো সেনাদের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। গত ১০ বছরে আফগান যুদ্ধে দুই হাজারেরও বেশি বিদেশি সেনা নিহত হয়েছে।সর্বশেষ গত দুই দিনে তালেবান জঙ্গিদের হামলায় আফগানিস্তানে ১৩ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। অর্থাত্ গতকাল পর্যন্ত এ বছর আফগানিস্তানে বিদেশি সেনাদের মৃত্যুর সংখ্যা ৫৮৮ জনে পৌঁছেছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৫২১ জন।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ, উত্তর ও পশ্চিম আফগানিস্তানে পৃথক হামলায় সাত ন্যাটো সেনা এবং এর এক দিন আগে বুধবার আফগানিস্তানের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় যৌথ বাহিনীর ছয় সেনা নিহত হন।সাম্প্রতিক মাসগুলোর মধ্যে আফগানিস্তানে গত দুই দিনের ঘটনা ছিল ন্যাটো বাহিনীর জন্য সবচেয়ে ভয়াবহ। কেবল এ মাসেই আফগানিস্তানে জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি ন্যাটো সেনা নিহত হয়েছে।গত দুই দিনে নিহত হওয়া সেনাদের ব্যাপারে ন্যাটো কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এমনকি তাঁরা কোন দেশের, তা-ও জানানো হয়নি। তবে পশ্চিম আফগানিস্তানে যুক্তরাষ্ট্র, স্পেন, ইটালি ও লিথুনিয়ার সেনারা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উত্তর আফগানিস্তানে মূলত যুক্তরাষ্ট্রের সেনারা এবং দক্ষিণে ব্রিটিশ, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও কানাডার সেনারা কাজ করছেন। বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এক লাখ ৫২ হাজার সেনা মোতায়েন রয়েছে। তবে আগামী বছরের মাঝামাঝি নাগাদ ন্যাটো বাহিনী আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব সে দেশের নিরাপত্তাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারে বলে আশা করা হচ্ছে।—বিবিসি