আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলা সীমিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলা সীমিত হচ্ছে। দেশটির আবাসিক এলাকায় বিমান হামলা চালাতে ন্যাটোর সহায়তা চাওয়ার ক্ষেত্রে আফগান বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, আজ রোববার তিনি এ বিষয়ে একটি আদেশ জারি করতে পারেন। কাবুলে আফগান মিলিটারি অ্যাকাডেমিতে দেওয়া এক ভাষণে কারজাই বলেন, ‘কোনো পরিস্থিতিতেই আফগান বাহিনী যাতে আমাদের বাড়িঘরে ও গ্রামে অভিযান চালানোর জন্য ন্যাটোর বিমানবাহিনীর সহায়তা না চাইতে পারে, সে জন্য আজ রোববার আমি একটি আদেশ জারি করব।’আফগান প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাহিনী বিদেশি বাহিনীর কাছ থেকে বিমান হামলার সহায়তা চায়, আর এসব হামলায় শিশুরা নিহত হয়।’১৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাত্রীকালীন এক অভিযানে নারী ও শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে বিমান হামলা চালানোর জন্য আফগান বাহিনী কর্তৃক ন্যাটোর সহায়তা চাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে।নিষেধাজ্ঞা-সংক্রান্ত আদেশ জারি না হওয়ায় এ ব্যাপারে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলায় বেসামরিক লোকজনের হতাহতের ঘটনায় আফগান ও ন্যাটো বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে। এ প্রসঙ্গে কারজাই বলেন, এতে আফগানিস্তান খুশি।প্রেসিডেন্ট বলেন, ‘সহায়তার জন্য বিদেশি বাহিনীর কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু দেশ রক্ষার জন্য আমাদের বিদেশি বাহিনীর প্রয়োজন নেই। আমরা চাই, আমাদের নিজস্ব বাহিনী দেশকে রক্ষা করুক।’