আফগানিস্তানে ন্যাটোর হামলায় ১১ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় ১১ জন শিশু ও একজন নারী নিহত হয়েছেন। গত শনিবার কুনার প্রদেশের শিগাল জেলার একটি গ্রামে তালেবান কমান্ডারদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে গতকাল রোববার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায়ই বেসামরিক লোকজন মারা যাচ্ছে। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই ও পশ্চিমা বিশ্বে তাঁর সমর্থক দেশগুলোর মধ্যে অনেক দিন ধরে মতবিরোধ চলে আসছে। সম্প্রতি হামিদ কারজাই জনবহুল এলাকায় অভিযান চালানোর পর আফগান বাহিনীর ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। অভিযানের নামে বিমান হামলা চালানোর জন্য ন্যাটো বাহিনীকে তলব না করা এবং ওই সব এলাকায় গুলি বা বোমা না ছোড়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, গত শনিবারের ওই অভিযানে তালেবানের শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ ছয় জঙ্গি নিহত হয়েছে। তবে ওই হামলায় সাধারণ লোকজনের কোনো ক্ষয়ক্ষতির কথা জানাননি মন্ত্রী। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াসেফুল্লাহ ওয়াশেফি বলেন, বিমান হামলায় সাধারণ লোকজনের ঘরবাড়িও এই হামলার শিকার হয়েছে। এতে ১১ জন শিশু ও একজন নারীসহ ১২ জন নিহত হয়েছেন।শিগাল জেলার প্রধান মো. জহির সাফাই জানান, ন্যাটোর বিমান হামলা একটি বাড়িতে গিয়ে আঘাত করলে ওই ১২ জন মারা যায়।একই দিন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গাড়িবোমা হামলায় পাঁচ মার্কিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তরুণ মার্কিন কূটনীতিক, তিনজন সেনা ও একজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় একজন আফগান চিকিত্সকও নিহত হন।