আফগানিস্তানে পাঁচ আইএসএএফ সেনা নিহত
আফগানিস্তানে গতকাল রোববার ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) পাঁচ সেনাসদস্য নিহত হন। নিহতদের মধ্যে চারজন নরওয়ের। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল উত্তর আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে সে দেশের চার সেনাসদস্যের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সে দিন আইএসএএফের পঞ্চম সেনাসদস্য নিহত হন দক্ষিণ আফগানিস্তানে বিদ্রোহীদের এক হামলায়।এর আগে গত সাপ্তাহিক ছুটির দিনে কয়েকটি পৃথক ঘটনায় আইএসএএফের আরও ছয় সেনাসদস্য নিহত হন।আফগানিস্তানে দেড় লাখেরও বেশি বিদেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও তালেবানদের নেতৃত্বে পরিচালিত বিদ্রোহের শক্তি ক্রমশই বেড়ে চলেছে। ২০০১ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সামরিক বাহিনীগুলোর হাতে ইসলামপন্থীরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশটিতে সহিংসতার মাত্রা এখন সবচেয়ে বেশি।চলতি মাসে আফগানিস্তানে ৯০ জনেরও বেশি বিদেশি সেনা নিহত হয়েছেন। তালেবানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর এ মাসেই দেশটিতে সর্বোচ্চসংখ্যক বিদেশি সেনা নিহত হলেন। এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে ৩১০ জনেরও বেশি বিদেশি সেনা নিহত হন। সে তুলনায় ২০০৯ সালে সারা বছরে নিহত সেনাসদস্যের মোট সংখ্যা ছিল ৫২০ জন। -রয়টার্স