আফগানিস্তানে পাঁচ বাংলাদেশি জিম্মি উদ্ধারে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে অপহূত পাঁচ বাংলাদেশিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে আফগান কর্তৃপক্ষ। একই ঘটনায় দুষ্কৃতকারীদের গুলিতে নিহত বাংলাদেশি প্রকৌশলী কাজী আলতাফ হোসেনের লাশ আগামী সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মুঠোফোনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত রোববার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানোর পর জিম্মিদের উদ্ধার ও কাজী আলতাফের লাশ ফেরত পাঠাতে কাজ শুরু করেছে সে দেশের সরকার। ইতিমধ্যে সেখানকার কর্তৃপক্ষ সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়েছে।জানা গেছে, বাংলাদেশের অনুরোধের পর পাঁচজন জিম্মিকে উদ্ধারে আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর আগেই দুষ্কৃতকারীরা ওই এলাকা ছেড়ে চলে যায়। জিম্মিদের উদ্ধারে আফগান কর্তৃপক্ষ ওই এলাকার আশপাশে চেষ্টা চালাচ্ছে।কাজী আলতাফের লাশ দেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি কয়েক দিনের মধ্যে শেষ হবে। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে তাঁর লাশ দেশে পাঠানো যাবে।’প্রসঙ্গত, একদল সশস্ত্র আফগান দুষ্কৃতকারী ১৭ ডিসেম্বর রাত আটটার দিকে মাজার-ই-শরিফে অবস্থিত দক্ষিণ কোরীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের অস্থায়ী শিবিরে হামলা চালায়। সে সময় ওই শিবিরে আন্দখই সড়ক প্রকল্পে নিয়োজিত ১৭ জন বাংলাদেশি অবস্থান করছিলেন। দুষ্কৃতকারীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসফল্ট প্ল্যান্টে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ। নয়জন বাংলাদেশি পালিয়ে যান এবং সাতজনকে অপহরণ করে দুষ্কৃতকারীরা। অপহূত ব্যক্তিদের মধ্যে দুজনকে ১৯ ডিসেম্বর ছেড়ে দেওয়া হয়।