আফগানিস্তানে পুলিশ ফাঁড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের এক পুলিশ ফাঁড়িতে গতকাল শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ পুলিশ সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। খবর বিবিসি অনলাইনের।একজন তালেবান মুখপাত্র এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুই আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ কর্মকর্তার বেশে পাকতিকার ওই পুলিশ সদর দপ্তরের ভেতর প্রবেশ করে। এর মধ্যে একজন হামলাকারী তার কাছে থাকা বিস্ফোরক দিয়ে ভবনের ভেতরে এবং অন্যজন ভবনের প্রবেশমুখে বিস্ফোরণ ঘটায়।এ হামলা চালানোর আগে ওই দুই আত্মঘাতী তিনটি নিরাপত্তা তল্লাশি কেন্দ্র অনায়াসেই পার হয়। পাকতিকা প্রদেশের পুলিশ সদর দপ্তরের প্রধান নওয়াব ওয়াজিরি জানিয়েছেন, এ ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এবং পুরো এলাকা রক্তে ভরে গেছে।পাকিস্তানের সীমান্তবর্তী এ প্রদেশটিতে এর আগেও একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রও এ প্রদেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহারে ন্যাটো তাদের অভিযান জোরদার করায় অন্য এলাকাগুলোতে তালেবানদের হামলা বেড়েছে। বিবিসি।