আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৫ এপ্রিল
আফগানিস্তানে ২০১৪ সালের ৫ এপ্রিল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই আগাম নির্বাচন দিতে পারেন বলে যে সম্ভাবনা ছিল, নির্বাচনের এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে এর সত্যতা প্রমাণিত হলো। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট কারজাইয়ের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৪ সালের আগস্টে। কিন্তু নতুন তারিখ অনুযায়ী, নির্ধারিত সময়ের পাঁচ মাস আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে হামিদ কারজাই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না।২০১৪ সালের শেষ নাগাদ ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাবে। সে বিবেচনায় এই নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাই কারচুপির চেষ্টা করতে পারেন। তবে কারজাই ও তাঁর সমর্থকেরা এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলছেন, তাঁরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চান। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, টোকিও কনফারেন্সে আফগান কর্তৃপক্ষ যে রাজনৈতিক অঙ্গীকার করেছিল, নির্বাচন কমিশনের এ ঘোষণার মাধ্যমে তার ইতিবাচক প্রতিফলন ঘটেছে। তবে ইইউ চায়, সবার অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আইনসংগত ফলাফল।এ মাসের শুরুর দিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই বলে সতর্ক করেছে, ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকারব্যবস্থা ভেঙে পড়তে পারে; এমনকি গৃহযুদ্ধের আশঙ্কাও রয়েছে। আফগানিস্তানের পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত নয় বলেও সংগঠনটি মন্তব্য করে।