আফগানিস্তানে বিক্ষুব্ধ জনতার হামলায় ৭ জাতিসংঘ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের মাজার-ই শরিফ শহরে বিক্ষুব্ধ জনতার হামলায় গতকাল শুক্রবার জাতিসংঘ মিশনের অন্তত সাতজন কর্মী নিহত হয়েছে। হামলার বিষয়টি আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাজার-ই শরিফে জাতিসংঘ কম্পাউন্ডে মার্কিন গির্জায় পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ গতকাল জুমার নামাজ শেষে রাজপথে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা জাতিসংঘ কার্যালয়ে সহিংস হামলা চালায়।জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানিয়েছেন, হামলায় জাতিসংঘ মিশনের সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন বিদেশি কর্মী। বাকিরা মিশনের বিদেশি নিরাপত্তা রক্ষী। তিনি এ হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং ন্যাটো মহাসচিব এন্ডারস ফগ রাসমুসেনও এ হামলার নিন্দা জানিয়েছেন।বালখ প্রদেশের গভর্নর জানিয়েছেন, হামলায় জড়িত থাকার অভিযোগে ২৭ ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীরা জাতিসংঘ নিরাপত্তা রক্ষীদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।