আফগানিস্তানে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সন্ধান
আফগানিস্তানে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ আশাতীত সম্পদ আবিষ্কারে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেহারা পাল্টে যেতে পারে। মার্কিন বিশেষজ্ঞরা ধারণা করছেন, আজকের আফগানিস্তান বিশ্বের খনিজ সম্পদের কেন্দ্রভূমি হয়ে উঠতে পারে। আবার এই সম্পদকে কেন্দ্র করে দেশটিতে জাতিগত সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও পেন্টাগন থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস গতকাল শনিবার জানায়, মার্কিন বিশেষজ্ঞরা আফগানিস্তানের ভূগর্ভে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব পদার্থের সন্ধান পেয়েছেন। এর মধ্যে রয়েছে তামা, স্বর্ণ ও মূল্যবান ধাতু লিথিয়াম। পেন্টাগন এবং মার্কিন ভূতত্ত্ববিদদের একটি দল বেশ কিছু দিন ধরে অনুসন্ধান চালিয়ে আফগানিস্তানে এই খনিজ সম্পদের সন্ধান পায়।প্রতিবেদনে বলা হয়, বর্তমান সময়ে শিল্প-প্রযুক্তির জন্য লিথিয়ামকে মহামূল্যবান খনিজ বলে মনে করা হয়। আফগানিস্তানে যে লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে ধারণা করা হচ্ছে, তাতে দেশটি অচিরেই সারা বিশ্বের খনিজ সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।মার্কিন কেন্দ্রীয় সামরিক দপ্তর পেন্টাগনের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ‘লিথিয়ামের সৌদি আরবে’ পরিণত হতে পারে। লিথিয়াম ল্যাপটপ এবং মোবাইল ফোনের ব্যাটারি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহূত হয়। এরই মধ্যে লিথিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদ প্রাপ্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে অবহিত করা হয়েছে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে খনিজ সম্পদকেন্দ্রিক শিল্প গড়ে তোলার জন্য বেশ সময়ের প্রয়োজন। মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, খনিজ উত্তোলন দেশটির অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। এর ফলে শিল্পোন্নত দেশগুলো দেশটিতে বড় ধরনের বিনিয়োগে এগিয়ে আসবে এবং জণগনের কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে। খনিজ সম্পদের জন্য দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধেরও অবসান হতে পারে।এদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানের এই সুখবর ওয়াশিংটনের জন্য স্বস্তি নিয়ে এসেছে। নানা জাতি-গোষ্ঠী ও গোত্রের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়া দেশটি নিয়ে আশাবাদ উচ্চারিত হচ্ছে ওয়াশিংটনে। আফগান রণাঙ্গনে কর্তব্যরত মার্কিন সামরিক অধিনায়ক ডেভিড পেট্রাউস গত শনিবার এক সাক্ষাত্কারে বলেন, আফগানিস্তানের সম্ভাবনা বেশ কিছু ‘যদি’র ওপর নির্ভর করছে। খনিজ প্রাপ্তির বিষয়টিকে একটি আশার দিক হিসেবে তিনি মন্তব্য করেন।তবে এ সুসংবাদের পাশাপাশি আফগানিস্তান নিয়ে নানা দুঃসংবাদও রয়েছে। বিপুল খনিজ সন্ধানের ফলে দেশটিতে জাতিগত সহিংসতা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। খনি দখলকে কেন্দ্র করে যুদ্ধের দামামা আবারও বেজে উঠতে পারে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আফগানিস্তানের খনিজ সম্পদের ওপর চীনের প্রভাব বিস্তার নিয়েও ইতিমধ্যে শঙ্কা দেখা দিয়েছে।