আফগানিস্তানে বোমা হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ১৪
আফগানিস্তানের কান্দাহার ও জাবুল প্রদেশে বোমা হামলায় দুই মার্কিন সেনাসহ ১৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।আজ শুক্রবার ন্যাটো জানিয়েছে, দক্ষিণ আফগানিস্তানে একটি বোমা বিস্ফোরণে দুজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তেমন কোনো খবর পাওয়া যায়নি।আজ প্রাদেশিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, কান্দাহারের মাওয়ান্দ জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পুঁতে রাখা বোমা স্পর্শ করলে তা বিস্ফোরিত হয়। এ ঘটনায় তিনজন শিশুসহ নয়জনের প্রাণহানি ঘটেছে। অন্য একটি ঘটনায় আজ জাবুল প্রদেশের শাহজয় জেলার একটি মার্কেটে বোরকা পরা আত্মঘাতী বোমা হামলাকারীসহ তিনজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে দক্ষিণ আফগানিস্তানে ন্যাটো বাহিনীর পরিকল্পিত অপারেশনের কারণে সহিংসতা দিন দিন বেড়ে যাচ্ছে।ন্যাটো জানিয়েছে, কান্দাহারের নিয়ন্ত্রণ নিতে পারলে আফগানিস্তানের তালেবানদের অবস্থানকে পাল্টে দেওয়া যেতে পারে। খবর এপি/বিবিসি।