আফগানিস্তানে বোমা হামলায় নিহত অন্তত ৩৫
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশে আজ মঙ্গলবার কয়েকটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। নিমরোজ প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী জারাঞ্জের কমপক্ষে চারটি স্থানে বোমা হামলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ জন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছে।একটি বাজারে রমজান মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম বোমা হামলা হয়। প্রাদেশিক পুলিশের উপপ্রধান মুজিবুল্লাহ লতিফ সংবাদ সংস্থা এএফপিকে বলেন, কয়েকজন বোমা হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা অনেক। নিহত লোকজনের বেশির ভাগই সাধারণ মানুষ।’প্রতিবেদনে বলা হয়, দুজন বোমাধারীর ওপর পুলিশ গুলি চালালে তাদের সঙ্গে থাকা বোমা বিস্ফোরিত হয়। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বিবিসিকে বলেন, বেশ কিছু আত্মঘাতী বোমা হামলাকারী জারাঞ্জ শহরে আশ্রয় নিয়েছে। গতকাল ও আজ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।একজন পুলিশ কর্মকর্তা বলেন, তাঁরা যখন একটি বাজারে ঢুকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে থাকেন, সে সময়ই একটি বোমা বিস্ফোরিত হয়। মোহাম্মদ জালমে নামের একজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বিবিসিকে জানান, ‘আমার ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আমি মিষ্টি কিনছিলাম। হঠাত্ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনে মাটিতে পড়ে যাই। যখন উঠে দাঁড়ালাম, দেখি চারদিকে শুধু রক্ত।’ইরান সীমান্তের কাছাকাছি জারাঞ্জ শহরটি মোটামুটি শান্তিপূর্ণই ছিল। তবে এ ধরনের আরও বোমা হামলার আশঙ্কা করছে পুলিশ।