আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৩৪ (ভিডিও)
আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে আজ মঙ্গলবার পৃথক বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির জানান, রাজধানীর কেন্দ্রস্থলে শিয়া মুসলমানদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত ও ৬৭ জন আহত হয়। মসজিদটিতে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে কয়েক শ শিয়া মুসলমান জড়ো হয়েছিল। কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র হাসমাতুল্লাহ স্তানিকজাই জানান, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।কাবুলে হামলার কিছুক্ষণ পর মাজার-ই-শরিফের কেন্দ্রীয় মসজিদের কাছে একটি সাইকেল-বোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। শহরটির সড়কগুলো হাজার হাজার শিয়া মুসলমান পবিত্র আশুরার মিছিল করছে। তবে ওই হামলা শিয়াদের লক্ষ্য করে চালানো হয়েছিল কি না, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, কান্দাহার শহরে আজ গাড়িবোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।তালেবান বা অন্য কোনো পক্ষ হামলাগুলোর দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতার নজির রয়েছে। রয়টার্স।