আফগানিস্তানে বোমায় নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তিনটি পৃথক স্থানে আত্মঘাতী বোমা হামলা এবং পথের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আজ বৃহস্পতিবার শিশু-নারীসহ মোট ২০ জন নিহত হয়েছে। দ্য ডনের খবরে বলা হয়, নিহত লোকজনের একাংশ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় হামলার শিকার হয়।এই হামলা ও হত্যাযজ্ঞ এমন সময় সংঘটিত হলো, যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট তালেবানদের বিরুদ্ধে লড়াই শেষে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ২০১৪ সালে আফগানিস্তান ত্যাগ করার আগে দেশটির প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছে।হেলমান্দ প্রদেশের গভর্নর আহমেদ জিরাক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রদেশের মুসা কালা জেলায় এক বিয়ে বাড়িতে যাওয়ার সময় পথের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চারজন নারী ও এক শিশুসহ ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।’ তিনি বলেন, পুলিশের দাবি তালেবান জঙ্গিদের ওই হামলায় সাত শিশু গুরুতর আহত হয়েছে। এর আগে জাবুল প্রদেশের একটি বাজারে দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে ১২ ও ১৪ বছর বয়সী দুই বালক মারা গেছে বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমেদ জাভেদ ফয়সাল। বৃহস্পতিবার ভোরে এক মোটরসাইকেল আরোহী কান্দাহারে একদল পুলিশের ওপরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে হত্যা করে।জাভেদ ফয়সাল এএফপিকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে চড়ে একটি পুলিশ চৌকির সামনে গিয়ে বোমাটি ফাটায়। ঘটনাস্থলেই তিন পুলিশের মৃত্যু হয়। আহত হয় আরও দুজন।’ এখন পর্যন্ত হামলার দায়দায়িত্ব কেউ শিকার করেনি। তবে কিছুদিন ধরে একই ধরনের হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ধারণা, এ হামলাটির পেছনে আছে তালেবান জঙ্গিরা।লাখমান প্রদেশের মেহতারলাম এলাকায় পথের পাশে পেতে রাখা বোমায় প্রাণ হারিয়েছেন পাঁচজন আফগান সেনা। প্রাদেশিক সরকারের মুখপাত্র শারহাদি জোয়াক বলেন, সেনাদের বহনকারী পিকআপ ট্রাকটি পথের পাশে পেতে রাখা বোমায় ধাক্কা খেলে বোমাটি বিস্ফোরিত হয় এবং সেনারা মৃত্যুবরণ করেন। আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো জোটের কমান্ডার জেনারেল জন অ্যালেন বোমা মেরে বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘এগুলো আফগানিস্তানের নিরপরাধ মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হলো নোংরা অপরাধ এবং অন্যায়।’