আফগানিস্তানে মার্কিন সেনাদের দায়মুক্তি এ বছরই
আফগানিস্তান থেকে ২০১৪ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পরও দেশটিতে যে সেনারা থেকে যাবেন, তাঁদের দায়মুক্তির ব্যাপারে এ বছরই সিদ্ধান্ত হতে পারে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ সোমবার কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনার পর দেশে ফিরে কারজাই আজ বলেন, ‘মার্কিন সেনাদের দায়মুক্তির বিষয়টি আলোচনাধীন। এ বিষয়ে চুক্তিতে পৌঁছাতে আরও ৮-৯ মাস সময় লাগতে পারে।’ তিনি বলেন, এর আগে দায়মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিল আফগান সরকার। তবে বিষয়টি নিয়ে এ বছর কাবুলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় ‘লয়া জিরগা’কেও (আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ) অন্তর্ভুক্ত করা হতে পারে বলে কারজাই জানান।ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিলে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে কি না, এমন প্রশ্নের জবাবে কারজাই বলেন, ‘একেবারেই না...আফগানিস্তান হবে নিরাপদ ও উত্তম একটি স্থান।’রয়টার্স আরও জানায়, আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালানো এবং আফগান সেনাদের প্রশিক্ষণ ও সাহায্যের জন্য তিন থেকে নয় হাজার সেনা সে দেশে রেখে দেওয়ার পরিকল্পনা করছে ওবামার সরকার। গত সপ্তাহে ওবামা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হবে না।