আফগানিস্তানে মুক্ত পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন
আফগানিস্তানে অপহূত হওয়ার পর মুক্তিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশি আজ রোববার সকালে দেশে ফিরেছেন। সকাল পৌনে নয়টায় তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। অপহরণের প্রায় আট মাস পর আফগান অস্ত্রধারীরা গত মঙ্গলবার সকালে তাঁদের মুক্তি দেয়।গত বছরের ১৭ ডিসেম্বর রাতে আফগানিস্তানে একদল অস্ত্রধারী দুষ্কৃতকারী মাজার-ই-শরিফে অবস্থিত দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণপ্রতিষ্ঠান সামহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা করে। এ সময় তারা জিম্মি করে আরও সাতজনকে। তাঁদের মধ্যে দুজনকে অপহরণের দুই দিন পর মুক্তি দেওয়া হয়।মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন, টাঙ্গাইলের কালিহাতীর আমিনুল ইসলাম ও শফিকুল ইসলাম, রাজশাহীর চারঘাটের মাহাতাব আলী, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিন ও টাঙ্গাইলের চৌধুরী মালঞ্চ এলাকার লাভলু রহমান।