আফগানিস্তানে মুক্ত পাঁচ বাংলাদেশি রোববার দেশে ফিরবেন
আফগানিস্তানে অপহূত হওয়ার পর মুক্ত পাঁচ বাংলাদেশি আগামী রোববার দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। অপহরণের প্রায় আট মাস পর আফগান অস্ত্রধারীরা গত মঙ্গলবার সকালে তাঁদের মুক্তি দিয়েছে।গত বছরের ১৭ ডিসেম্বর রাতে আফগানিস্তানে একদল অস্ত্রধারী দুষ্কৃতকারী মাজার-ই-শরিফে অবস্থিত দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান সামহোয়ান করপোরেশনের একটি অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা করে। এ সময় তারা জিম্মি করে আরও সাতজনকে। তাঁদের মধ্যে দুজনকে অপহরণের দুই দিন পর মুক্তি দেওয়া হয়।উদ্ধার হওয়া পাঁচ বাংলাদেশি সামহোয়ান করপোরেশনের হেফাজতে রয়েছেন। তাঁদের সবাই সুস্থ।মুক্তি পাওয়া পাঁচ বাংলাদেশি হলেন টাঙ্গাইলের কালিহাতীর আমিনুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এক্স ০২৭২৯৬৬) ও শফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এক্স ০২৬০৩৮৬), রাজশাহীর চারঘাটের মাহাতাব আলী (পাসপোর্ট নম্বর: ডব্লিউ ০৩৬২০৫১), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমাম উদ্দিন (পাসপোর্ট নম্বর: এক্স ০৩৩৩০৪৮), টাঙ্গাইলের চৌধুরী মালঞ্চ এলাকার লাভলু রহমান (পাসপোর্ট নম্বর: এক্স ০৪৪৭৮৫৪)।