আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-রাশিয়া যৌথ অভিযানে ক্ষুদ্ধ কারজাই
আফগানিস্তানে মাদক গবেষণাগার ধ্বংসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ অভিযানের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আজ রোববার এক বিবৃতিতে সরকারের অনুমতি না নিয়ে পরিচালিত এ অভিযানকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কারজাই বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আফগান সরকার মাদক নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই, অনুমতি বা আগে থেকে অবহিত করা ছাড়া এ অঞ্চলে কোন সংস্থা বা প্রতিষ্ঠানের অভিযান পরিচালনার কোন অধিকার নেই। এটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ার সামিল।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আফগান সরকার পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।এদিকে কারজাইয়ের প্রতিক্রিয়ায় ভিয়েতনামে সফররত রাশিয়া সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। অভিযানের সময় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অংশ নিয়েছিল বলে জানান তিনি। প্রসঙ্গত, পাকিস্তানের সীমান্ত অঞ্চল জালালাবাদ থেকে পাঁচ কিলোমিটার দূরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার পরিচালিত ওই যৌথ অভিযানে কমপক্ষে ২৫ কোটি ডলার মূল্যের মাদক ধংস করা হয়। বিবিসি