আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাত সেনাসহ নিহত ৩৫
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় গতকাল রোববার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় ন্যাটোর সাত জন সেনাসদস্যসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। পেন্টাগন নিশ্চিত করেছে, ন্যাটোর নিহত সেনাসদস্যরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন ও রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, জাপানের রাজধানী টোকিওতে গতকাল প্রধান দাতারা আগামী চার বছর আফগানিস্তানে উন্নয়ন-সহায়তা বাবদ এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। এ ছাড়া ২০১৪ সালের মধ্যে বিদেশি সব সেনা প্রত্যাহার করে আফগান কর্তৃপক্ষের হাতে তাদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেছে তারা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দেশজুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।আফগান কর্মকর্তারা জানান, গতকাল আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমা হামলায় ন্যাটোর ছয়জন সদস্য নিহত হন। এর আগে দক্ষিণাঞ্চলে পৃথক জঙ্গি হামলায় বিদেশি আরও এক সেনাসদস্য মারা যান। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ও হেলমান্দ প্রদেশে ২৮ জন বেসামরিক মানুষ ও পুলিশ নিহত হয়েছে।তালেবানের পক্ষ থেকে জানানো হয়, গতকাল পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় যুক্তরাষ্ট্রে চারজন সেনা নিহত হয়েছেন।এদিকে কান্দাহার প্রদেশে তিনটি গাড়িতে পৃথক বোমা বিস্ফোরণে শিশুসহ ১৮ জন নিহত হয়েছে। ওই প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমাদ ফয়সাল জানান, পাকিস্তানের সীমান্ত-সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি ও ট্রাক্টরে করে গ্রামের লোকজন যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। একই এলাকায় তৃতীয় বোমাটির বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।হেলমান্দ প্রদেশের গণমাধ্যমের এক কর্মকর্তা জানান, ওই প্রদেশের দক্ষিণাঞ্চলে কান্দাহারের পশ্চিমে বোমা হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সেখানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও চার কর্মকর্তা মারা গেছেন।