আফগানিস্তানে সেনা অভিযান হবে দীর্ঘ: মার্কিন কমান্ডার
আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাইয়াস বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তানের হেলমন্দে সম্প্রতি যে তালেবানবিরোধী অভিযান শুরু করেছে সেটি ১৮ মাস স্থায়ী হতে পারে। তিনি আরও বলেছেন, যৌথ বাহিনীর জন্য আগামী দিনগুলো যথেষ্ট কঠিন ও কষ্টকর হতে পারে। জেনারেল পেট্রাইয়াস মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে এসব কথা বলেন।এ ধরনের অভিযানের ধরন সম্পর্কে পেট্রাইয়াস বলেন, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এ রকম অভিযানগুলো সব সময়ই কঠিন ও রক্তক্ষয়ী হয়ে থাকে। তিনি বলেন, ‘এ অভিযানের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আমি কোনো মন্তব্য না করেই বলব, এই অভিযান একটি বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আমাদের সেটা ভুলে গেলে চলবে না।’পেট্রাইয়াস আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি সম্পর্কে বলেন, ‘আফগানিস্তানে আমাদের আল-কায়েদা ও তালেবানবিরোধী অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে যেন জঙ্গিরা আরও একটি ৯/১১-এর ঘটনা ঘটাতে না পারে।’পেট্রাইয়াস তালেবানদের প্রতিরোধ সম্পর্কে বলেন, ‘এ অভিযানে তালেবানদের দিক থেকে আমরা যে প্রতিরোধের মুখোমুখি হচ্ছি, তা কিছুটা সমন্বয়হীন হলেও দুর্ধর্ষ।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত নভেম্বরে আফগানিস্তানে আরও ৩০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেন। তাঁর পরিকল্পনা, আফগানিস্তানে সেনা অভিযান জোরদার করে ২০১১ সালের মধ্যে সেনা প্রত্যাহার করার অবস্থায় পৌঁছানো।