আফগানিস্তানে সেনা না পাঠানোর পক্ষে আ.লীগের উপদেষ্টারা
আফগানিস্তানে সেনা পাঠানো ঠিক হবে না বলে মত দিয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও এর সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠক হয়।বৈঠকে উপদেষ্টারা সারা দেশে ছাত্রলীগ-যুবলীগের সংগঠনবিরোধী কর্মকাণ্ড তথা সন্ত্রাস-চাঁদাবাজির সমালোচনা করে এদের নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে।তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব বিষয়ে কিছুই বলেননি। তিনি জানান, শেখ হাসিনার সভাপতিত্বে জেলা ও উপজেলা কমিটির সঙ্গে আলাদা বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক এবং আরও চারজন প্রবীণ নেতাকে দলের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই বৈঠক রাত পৌনে ১০টা পর্যন্ত চলে।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পর দ্বিতীয়বারের মতো এ বৈঠক হলো। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা এস এ মালেক, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কে এম সফিউল্লাহ, এইচ টি ইমাম, আলাউদ্দিন আহমেদ, মশিউর রহমানসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, আবুল মাল আবদুল মুহিত বিদেশে রয়েছেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা জানান, একাধিক সদস্য মত প্রকাশ করেন, জাতিসংঘ বাংলাদেশের কাছে সেনা চাইলেও আফগানিস্তানে সেনা পাঠানো ঠিক হবে না। আফগানিস্তানে মার্কিন অভিযান নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ আছে। এখন আফগানিস্তানে বাংলাদেশি সেনা পাঠানো হলে আওয়ামী লীগের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সূত্র জানায়, দলীয় প্রধান শেখ হাসিনাও এই মতের সঙ্গে একাত্মতা জানান।দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করে। তবে বাংলাদেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের এই অনুরোধের পর তালেবান বাংলাদেশকে সেনা না পাঠানোর বিষয়ে হুঁশিয়ার করে দেয়।বৈঠক সূত্র জানায়, দলের প্রবীণ নেতারা সারা দেশে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের টেন্ডারবাজি, চাঁদাবাজির সমালোচনা করে তাঁদের নিয়ন্ত্রণ করার জন্য তাগিদ দেন। তাঁরা বলেন, সম্প্রতি পাবনায় নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশাসনের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায় আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় আরও আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর এ ঘটনায় পাবনার জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমলারাও সরকারের প্রতি ক্ষুব্ধ হতে পারেন।অবশ্য প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, সরকার এ ঘটনায় সময়মতো ও যথার্থ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, সরকার ভালোভাবেই চলছে।সম্প্রতি বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন পুরস্কার পেয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউইয়র্ক সফর সফল হয়েছে উল্লেখ করে বিষয়টি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে নাগরিক কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।ব্রিফিং: বৈঠক শেষে রাত ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বৈঠকে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়েও কথা হয়েছে। বৈঠকে আগামী শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে সাংগঠনিক অনেক বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বলে জানান তিনি।সৈয়দ আশরাফ বলেন, এ ছাড়া শেখ হাসিনার সভাপতিত্বে দেশের প্রতিটি জেলা ও উপজেলা কমিটির সঙ্গে আলাদা বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবতাবিরোধী অপরাধীদের বিচার বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই। অপরাধগুলো হয়েছিল অনেক দিন আগে। নতুন প্রজন্ম ওই অপরাধের ভয়াবহতা সম্পর্কে তেমন জানে না।’ তিনি বলেন, ‘আমাদের জাতিসত্তার ওপর যে আঘাত করা হয়েছিল, তার বিচার করতে চাই আমরা। এই বিচার কোনো রাজনৈতিক বিচার না, কোনো দলের বিচার না। ১৯৭২ সালেই এই বিচার শুরু হয়েছিল। পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদের ছেড়ে দেন, আইন করে ট্রাইব্যুনাল বাতিল করে দেন।’সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপির আইনজীবীরা এখন জামায়াতকে বাঁচানোর জন্য বলছেন, একাত্তর সালে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। এটা ভারত-পাকিস্তানের যুদ্ধ ছিল। তাহলে যুদ্ধ করে আমাদের শত শত সেনা কর্মকর্তা যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম ও বীর বিক্রম পদক জিতলেন, সেগুলো কোত্থেকে এল? লাখ লাখ মানুষ জীবন দিয়ে যে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এটা কি বিএনপি অস্বীকার করতে চায়? যদি সেটা ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়ে থাকে, তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোন পক্ষে ছিলেন? এই প্রশ্নের জবাব বিএনপিকে দিতে হবে। বিএনপি এখন তাদের বন্ধু জামায়াতকে বাঁচানোর জন্য তাদের ঘোমটা ফেলে দিয়েছে। তারা জামায়াতকে বাঁচানোর জন্য হয়তো আরও অনেক কিছু করবে।’এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ দাবি করেন, পাবনার পরিস্থিতি নিয়ে উপদেষ্টারা তেমন কোনো কথা বলেননি। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, উপদেষ্টা পরিষদে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হবে। তাঁরা হলেন চৌধুরী খালেকুজ্জামান, হামিদা বানু, অনুপম সেন ও দুর্গাদাস ভট্টাচার্য।