যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানে বহুজাতিক বাহিনীর সহায়তায় সেনা পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছে তালেবান জঙ্গিরা। তারা সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে।বিশ্বজুড়ে সন্ত্রাসী সংগঠনগুলোর ওপর নজরদারিতে নিয়োজিত সংস্থা সাইটের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা এ তথ্য জানায়।দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র ২৪ সেপ্টেম্বর বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।ওই বার্তা সংস্থার খবরে বলা হয়, আফগান তালেবানরা আরবি ও পশতু ভাষায় তাদের ওয়েবসাইটে ও জিহাদি ফোরামে বার্তা পাঠিয়ে সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবানদের ভাষায়, ‘আফগানিস্তানে কয়েক শ সেনা পাঠিয়ে ইসলাম ও আফগান জনগণের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে বাংলাদেশের নেতাদের প্রয়োজনীয় ইসলামি জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞা আছে বলেই আমাদের বিশ্বাস।’তালেবান নেতারা বলেন, ‘আমরা আশা করছি, দেশটির নেতারা এমন একটি ঐতিহাসিক ভুল করবেন না। আর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাঁদের নেতাদের ইসলামের চিরশত্রুদের সহায়তা ও প্রতিবেশী ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সহায়তায় অনুমোদন দেবেন না।’ জানা গেছে, ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির হোটেল স্যুটে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড সি হলব্রুক। তখন হলব্রুক আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কাজে সহায়তার জন্য বাংলাদেশের সেনা পাঠানোর জন্য দীপু মনিকে অনুরোধ জানান। এ সময় দীপু মনি মার্কিন বিশেষ দূতকে আশ্বস্ত করেন যে আফগানিস্তানের শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে বাংলাদেশের পক্ষে যতটা সম্ভব সহায়তা করা হবে।এ ছাড়া বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তানে শিক্ষক ও চিকিৎসক পাঠানোর প্রস্তাব দিয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে হলব্রুককে জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এদিকে ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানায়, আফগানিস্তানে সেনা পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ যুক্তরাষ্ট্র এখনো জানায়নি। এমনকি নিউইয়র্কে দীপু মনির সঙ্গে হলব্রুকের বৈঠকটিও হয়েছে খুব কম সময়ের প্রস্তুতিতে। তাই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আলোচনা সম্পর্কে আগে থেকে কিছু জানতেন না।বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা পাঠায় বাংলাদেশ। তবে আফগানিস্তানে এখনো কোনো সেনা পাঠায়নি।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন দেড় লাখ বিদেশি সেনা রয়েছে। আগামী বছরের জুলাই থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে আফগান নিরাপত্তা বাহিনীকে ওই দেশের নিরাপত্তা নিশ্চিত করার কাজে উপযুক্ত করে তুলতে চায় যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইরাক যুদ্ধের সময়ও সেনা পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সম্মতি আদায় করতে সে সময় সংক্ষিপ্ত সফরে ঢাকা ঘুরে যান তত্কালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ও পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। কিন্তু তত্কালীন চারদলীয় জোট সরকার জনগণের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেয়নি, যদিও তখনকার সরকারের একাংশ ইরাকে বহুজাতিক বাহিনীতে প্রতীকী অংশগ্রহণের ব্যাপারে মত দিয়েছিল। তাদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রের মতো মিত্রের সহায়তায় অন্তত চিকিৎসাকর্মী পাঠিয়ে তাদের সন্তুষ্ট করা যেতে পারে।