আফগানিস্তানে হাসপাতালে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের লোগার প্রদেশে গতকাল শনিবার গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।রাজধানী কাবুল থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে আজরা জেলার হাসপাতালে ওই হামলা চালানো হয়। বিস্ফোরণের পর পুরো হাসপাতাল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানকে দায়ী করে। তবে তালেবানের এক মুখপাত্র বলেন, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। খবর রয়টার্স, এএফপি ও বিবিসির।প্রাদেশিক সরকারের মুখপাত্র দীন মোহাম্মদ দরবেশ বলেন, হাসপাতালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। তবে হামলার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এদিকে লোগার প্রদেশের স্বাস্থ্য মহাপরিচালক বিবিসিকে জানান, হাসপাতালের কর্মী, রোগীসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জন। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ জারেফ নায়েবখাইল জানান, নিহত ব্যক্তির সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ, বিস্ফোরণের পরপরই অনেকে তাঁদের আত্মীয়স্বজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে গেছে।জাতিসংঘ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানায়, বিস্ফোরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রসূতি ওয়ার্ড।ধ্বংসাবশেষের পাশে বসে কাঁদছিলেন এক ব্যক্তি। তিনি জানান, বিস্ফোরণে তাঁর পরিবারের সাতজন নিহত হয়েছে। আবদুল রহমান নামের ওই ব্যক্তি বলেন, ‘তিন নারী ও দুই শিশুসহ আমার পরিবারের সাতজন আজ সকালে হাসপাতালে এসেছিল। আমি বাড়িতে ছিলাম। বিস্ফোরণের পর এখানে ছুটে এসে দেখি, বহু লাশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এখানে-সেখানে ছড়িয়ে আছে শরীরের ছিন্নভিন্ন অংশ। অনেকের শরীরে তখনো আগুন জ্বলছে। আমার পরিবারের সবাই শেষ। কাউকে পাইনি। সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’এক গোয়েন্দা কর্মকর্তা জানান, হাসপাতাল সম্ভবত এ হামলার লক্ষ্য ছিল না। পুলিশ ওই আত্মঘাতী হামলাকারীর গাড়িটিকে ধাওয়া করলে সে বোমার বিস্ফোরণ ঘটায়।হামলার দায় অস্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা হাসপাতালে এ হামলার তীব্র নিন্দা জানাই। যে-ই এ হামলা চালাক না কেন, তালেবানের দুর্নাম করার জন্যই তা করেছে।’২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানে তালেবান পতনের পর থেকে এ পর্যন্ত কোনো চিকিৎসাপ্রতিষ্ঠানে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।আগামী গ্রীষ্মের শেষ নাগাদ ৩৩ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ ঘোষণা দেওয়ার এক সপ্তাহ না পেরোতেই এ হামলার ঘটনা ঘটল। ২০১৪ সাল নাগাদ সেখান থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে বলে ওই ঘোষণায় বলা হয়েছে। দেশটিতে বর্তমানে দেড় লাখ বিদেশি সেনা আছে। এর মধ্যে মার্কিন সেনাসংখ্যা ৯৯ হাজার।